দশ বছর পর পানছড়িতে ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি:
অচিরেই জাতীয় নির্বাচন হবে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া বলেন, নির্বাচন কমিশন পূর্ণগঠন করা হলেই সরকার জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে। তাই এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। তিনি শুক্রবার পানছড়ি উপজেলায় সামাজিক অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর হামলা ও হুমকির নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, খাগড়াছড়িতে সন্ত্রাসী বাহিনী কর্তৃক শুধু বিএনপি নেতাকর্মীরাই নয় এখন সাংবাদিকরাও নির্যাতনের শিকার হচ্ছে।
দীর্ঘ দশবছর পর পানছড়ি উপজেলায় পা রাখলেন ওয়াদুদ ভূঁইয়া। দুপুরে সামাজিক একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার খবরে পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনের বাসভবনে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীর ঢল নামে। খবর পেয়ে অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সাথে দেখা করতে সেখানে যান ওয়াদুদ ভূঁইয়া। এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, সহ দপ্তর সম্পাদক আবু তালেব, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক মিন্টু।

















