দুর্দান্ত দল স্পেনের বিশ্বকাপ লড়াই শুরু আজ

fec-image

বিশ্বকাপ জয়ের মিশনে নামছে স্পেন। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ‘এইচ’ গ্রুপের ম্যাচে বিশ্বকাপের নতুন দল কেপ ভার্দের মুখোমুখি হবে স্প্যানিশরা। এই গ্রুপের অপর ম্যাচে কাল ভোর ৪টায় মুখোমুখি হবে উরুগুয়ে-সৌদি আরব। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের গ্রুপের লড়াই শুরু হচ্ছে।

কেপ ভার্দে আফ্রিকা মহাদেশে অবস্থিত। এটি পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপরাষ্ট্র।

কেপ ভার্দে একসময় ছিল পর্তুগিজ শাসনের অধীনে। ২০০২ সাল থেকে তারা বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে শুরু করে। দীর্ঘ ২৪ বছর চেষ্টার পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছে দলটি। আটলান্টিকের দীপপুঞ্জ নিয়ে গঠিত এই দেশের জনসংখ্যা প্রায় ৫ লাখ। আয়তন ৪ হাজার বর্গকিলোমিটারের একটু বেশি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলাটাই তাদের জন্য অনেক বড় ব্যাপার। এ কারণেই কেপ ভার্দে আজ থাকবে অনেকটা নির্ভার। অন্যদিকে স্পেন ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি। বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর দল। ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ নিয়ে খুব বেশি শঙ্কা থাকার কথা নয় স্পেনের। তবে বিশ্বকাপ বলেই সম্ভবত স্প্যানিশ কোচ লুইস ডে লা ফুয়েন্তে সতর্কই থাকছেন। এখানে ভুল মানেই বিপদ। তা ছাড়া ২০১০ পরবর্তী বিশ্বকাপগুলোতে খুব একটা সুবিধা করতে পারেনি স্পেন। ২০১৪ সালে গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছে তারা। ২০১৮ ও ২০২২ সালে নকআউটের শুরুতেই ছিটকে গেছে। তবে এবারের হিসাব ভিন্ন। স্পেন এবার খেলছে শীর্ষ ফেবারিট হিসেবে। কেবল ফুটবল বিশেষজ্ঞরাই নন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সুপার কম্পিউটারের বাজিও স্পেন। স্পেনের আছেন লামিন ইয়ামাল। বর্তমান ফুটবলের অন্যতম সেরা তারকা। ফেরান তোরেস, রদ্রি, পেদ্রি, অ্যালেক্স বায়েনা, দানি ওলমো, ফ্যাবিয়ান রুইজসহ আরও অনেকে মিলে স্পেনকে দুর্দান্ত এক দল হিসেবে গড়ে তুলেছেন। দলটা ধারাবাহিক। দীর্ঘদিনের ক্ষুধা আছে। এই দল বিশ্বকাপে বহুদূর যাওয়ার জন্যই খেলতে গেছে উত্তর আমেরিকায়। ‘এইচ’ গ্রুপের আরেক চ্যাম্পিয়ন উরুগুয়ে। ফেবারিটের তালিকায় উরুগুয়ে খুব একটা ওপরের দিকে নেই। তারপরও দলটা সবসময়ই ভয়ংকর। সৌদি আরবের বিপক্ষে ফেবারিট হিসেবেই আজ খেলতে নামবে দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ে। অবশ্য সৌদি আরব ২০০২ সালে একবার প্রীতি ম্যাচে উরুগুয়েকে পরাজিত করেছে। ২০১৮ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল।

সেবার ১-০ গোলে জয় পায় উরুগুয়ে। এবার কি সৌদি আরব সেই পরাজয়ের শোধ নিতে পারবে? গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব। এবারও কি কোনো চমক দেখাতে পারবে দলটি?

কেপ ভার্দের জাতীয় পতাকা। -ইন্টারনেট
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন