নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পিঠা উৎসব সম্পন্ন

fec-image

বসন্তের ফুরফুরে বাতাসে বাংলার আবহাওয়ায় এখন উৎসবের আমেজ। উৎসবের এই আনন্দঘন পরিবেশে দেশীয় ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে তা তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করেছে এক ব্যতিক্রমী পিঠা উৎসব, ১৪৩২।

১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে এই উৎসব সফলভাবে সম্পন্ন হয়।

এই উৎসব আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সকলে রঙিন ও দেশীয় সাজসজ্জায় অংশগ্রহণ করে। শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্যরা নিজ উদ্যোগে স্টল স্থাপন করে এবং স্টলগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার সমাহার প্রদর্শন ও পরিবেশন করা হয়। যা ছিল এই আয়োজনের মূল আকর্ষণ।

এছাড়াও ক্লাবের উদ্যোগে পুরো মাঠ বর্ণীল সজ্জায় আলোড়িত ছিল। নানান ঐতিহ্যবাহী সজ্জা ও বাংলার গ্রামীণ আবহতে রমরম করছিল চারিপাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আজিজ আল কায়সার। তিনি এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রেসিডেন্ট খালিদ বিন মোর্শেদ রামিম পিঠা উৎসব ঘিরে ক্লাবের উৎসাহ উল্লেখ করে বলেন, “পিঠা বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তরুণ প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে আমরা আমাদের ক্লাব থেকে এই আয়োজন করেছি।

ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজার মেজবাহ উল হাসান চৌধুরী বলেন, “সমাজ সেবার পাশাপাশি, জাতির ঐতিহ্য রক্ষাও আমাদের দায়িত্ব। তাই আমরা বিশেষভাবে এই পিঠা উৎসব আয়োজন করে থাকি।”

এবারের পিঠা উৎসবকে ঘিরে ক্লাবের সকল প্রচেষ্টা স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরো বর্ণিল ও আনন্দময় হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন