পানিবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণ ও চিকিৎসাসেবা নিয়ে মহেশখালীর ইউএনও

fec-image

দুর্যোগে শুধু ত্রাণসামগ্রী বিতরণেই সীমাবদ্ধ না থেকে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবাও পৌঁছে দিচ্ছে মহেশখালী উপজেলা প্রশাসন। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত উপকূলীয় জনপদে মানবিক উদ্যোগ হিসেবে শুক্রবার (১০ জুলাই) মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে মাতারবাড়ী ইউনিয়নের পানিবন্দী ৫টি এলাকায় ২০০টি শুকনো খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ওমর ফারুক, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিছবাহ উদ্দিন মজিদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

ত্রাণ বিতরণের পাশাপাশি ইউএনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরমান কাদেরকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ শিশু, বয়স্ক ও নারীদের খোঁজখবর নেন। এ সময় রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধের পরামর্শ এবং প্রেসক্রিপশন প্রদান করা হয়।

দক্ষিণ মগডেইল বিলপাড়া, ষাইটপাড়া, নয়াপাড়া, পশ্চিম তিতা মাঝিরপাড়া ও রাজঘাট বিলপাড়ার বাসিন্দারা এই সেবায় স্বস্তি প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের সময় প্রশাসনের এমন মানবিক উপস্থিতি তাদের মধ্যে নতুন করে আস্থা সৃষ্টি করেছে।

ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, “শুধু খাদ্যসহায়তা যথেষ্ট নয়। দুর্যোগে মানুষের স্বাস্থ্যঝুঁকিও সমান গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন প্রতিটি অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।”

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে মহেশখালীর বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। আগামী দিনগুলোতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ইউএনও।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন