পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে কোটা বিরোধী ঐক্যজোট

fec-image

পার্বত্য জেলা পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার প্রেক্ষাপটে নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠনের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে কোটা বিরোধী ঐক্যজোট।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি পার্বত্য জেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং বান্দরবান পার্বত্য জেলায় সর্বশেষ সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালে। এরপর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পরিষদ গঠিত হয়েছে নিয়োগ বা মনোনয়নের ভিত্তিতে। অথচ জাতীয় সংসদ, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

স্মারকলিপিতে বলা হয়, নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকায় স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতা দুর্বল হয়েছে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সীমিত হয়ে পড়েছে। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হলে পাহাড়ে আস্থা ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে বলে সংগঠনটির নেতারা মনে করেন।

এছাড়া শিক্ষক নিয়োগসহ শিক্ষা ও চাকরিক্ষেত্রে স্বচ্ছতা, সরকারি উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা এবং সকল জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করার বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরা হয়। সংগঠনটি জানায়, এসব বিষয় সামনে রেখে তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কোটা বিরোধী ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জনি, সদস্য সচিব মো. নুরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মজুমদার,যুগ্ম আহ্বায়ক মো. রুবেল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ, মো. ইব্রাহীমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে সরকার দ্রুত একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে কার্যকর উদ্যোগ নেবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন