পিআইডির ফ্যাক্ট চেকিং কার্যক্রম অব্যাহত রয়েছে : সংসদে তথ্যমন্ত্রী


সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য প্রতিরোধে তথ্য অধিদপ্তরের (পিআইডি) ফ্যাক্ট চেকিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রতিদিন সকালে দৈনিক পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সন, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত/প্রচারিত বিভ্রান্তিমূলক কনটেন্টের লিংক ছকবদ্ধ করে প্রতিবেদন আকারে প্রস্তুত করা হয়ে থাকে।
আজ সোমবার জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত করসহ বিটিভির মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। আর এ সময়ে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। তিনি বলেন, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
বিটিভির ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন তথ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাক, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় ‘বাংলাফ্যাক্ট’ কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত বাংলাফ্যাক্ট ৭৮৩টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে ২২৯টি হয়েছে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর। সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে প্রোপাগান্ডা ও অপতথ্য প্রকার করে এমন ১৬টি ওয়েবসাইট বাংলাফ্যাক্ট চিহ্নিত করেছে। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ায় এমন ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট ও ১৯৯টি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। গণমাধ্যম ব্যবহার করে ফ্যাসিবাদীরা কীভাবে বিরোধীদের দমন ও তাদের চরিত্রহনন করে তা নিয়ে পিআইবি ‘শিকারী সাংবাদিকতা’ শীর্ষক গবেষণা গ্রন্থ প্রকাশ করেছে।
জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ারেছ আলী মামুনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভুঁইফোড় সাংবাদিক রোধে প্রকৃত সাংবাদিকদের যোগ্যতার মানদণ্ড নিরূপণে গণমাধ্যমকর্মীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ নিবন্ধন ও ডেটাবেইস প্রণয়নের সুনির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া প্রেস কাউন্সিল থেকে প্রকৃত গণমাধ্যমকর্মীদের অনলাইন ডেটাবেইস তৈরির জন্য ইত:পূর্বে ৩২টি জেলা হতে প্রাপ্ত সাংবাদিকদের তথ্য হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৫৫টি। এর মধ্যে ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি জানান, সারা দেশ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫৯৩টি ও অন্যান্য জেলা থেকে প্রকাশিত ৮৪৩টি। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি। এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি ও অনলাইন নিউজ পোর্টাল (আঞ্চলিক) ক্যাটাগরিতে ৬১টি।
চট্টগ্রাম-৩ আসনের সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে ৪০টি বেসরকারি টেলিভিশন অনুমোদন দেওয়া হয়েছিল। ওই সময় ছয়টি টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল।
কুমিল্লা-৯ আসনের আবুল কালামের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, বর্তমানে বাংলাদেশের ৬৪টি পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে। গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ৪৭টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ২৩টি অলাভজনক।

















