ইতিহাসের শিক্ষাই সুশাসনের পথ : তথ্যমন্ত্রী

fec-image

ইতিহাসের শিক্ষা গ্রহণ ও তার ধারাবাহিক চর্চার মাধ্যমেই সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব বলে মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতের নির্বাচন ও রাজনৈতিক অভিজ্ঞতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক দিকনির্দেশনা তৈরি করা জরুরি। বিশেষ করে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে দেশ-বিদেশে যে আলোচনা রয়েছে, তা আরও গভীরভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সমাজে বিতর্কচর্চা শক্তিশালী না হলে গণতন্ত্রও শক্তিশালী হয় না। তরুণদের যুক্তিনির্ভর চিন্তা ও মতবিনিময়ের চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায় এবং সংসদীয় আলোচনা শেষে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে সরকার গবেষণাধর্মী কাজকে গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালেরকণ্ঠ সম্পাদক হাসান হাফিজ বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তিনির্ভর সমাজ গঠনে দেশে বিতর্কচর্চা আরও জোরদার করা প্রয়োজন। স্কুল ও গণমাধ্যমে বিতর্কের প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, বইটি সমাজে দুর্নীতি, গুম, খুনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। তিনি তরুণদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ অনেকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জহির উদ্দিন স্বপন এমপি, তথ্যমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন