তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা


উজানের পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা থেকে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার (এমএসএল)। এ পয়েন্টে নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় পানি বর্তমানে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর কর্মকর্তারা জানান, উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়ন এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজান থেকে পানি প্রবাহ অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়তে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘উজানের ঢল ও বৃষ্টির কারণে মধ্যরাত পর্যন্ত তিস্তার পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
















