রাঙামাটি সদর হাসপাতালে এই প্রথম চালু হলো কলপোস্কোপি অপারেশন

fec-image

রাঙামাটি সদর হাসপাতালের ইতিহাসে এই প্রথম চালু হলো কলপোস্কোপি অপারেশন। মঙ্গলবার (১৪ জুলাই) গাইনী বিশেষজ্ঞ ডা: তাহমিনা দেওয়ান অভির তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়।

গাইনী বিশেষজ্ঞ ডা: তাহমিনা দেওয়ান অভি বলেন, যাদের সাধারণত প্যাপ টেস্ট বা ভায়া টেস্টে কোনো অস্বাভাবিক কোষ বা সমস্যা ধরা পড়লে আমরা তাদের কলপোস্কোপি করবো। এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট পজিটিভ হলে। জরায়ুমুখে দীর্ঘদিন ধরে কোনো ইনফেকশন বা ক্ষত থাকলে। স্বাভাবিক পেলভিক পরীক্ষার সময় চিকিৎসক জরায়ুতে কোনো অস্বাভাবিকতা বা সমস্যা সন্দেহ করলে।

তিনি আরও বলেন, কলপোস্কোপি হলো জরায়ুমুখ, যোনি এবং ভালভা পরীক্ষা করার একটি বিশেষ চিকিৎসাপদ্ধতি। প্যাপ স্মিয়ার বা এইচপিভি পরীক্ষায় অস্বাভাবিক ফলাফল পাওয়া গেলে, জরায়ুমুখের ক্যানসার পূর্ববর্তী কোষ বা অন্যান্য সমস্যা শনাক্ত করতে ‘কলপোস্কোপ’ নামক একটি বিশেষ ম্যাগনিফাইং যন্ত্র ব্যবহার করে এই পরীক্ষাটি করা হয়।

ককলপোস্কোপি প্রয়োজনীয়তা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা বলছেন, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, কলপোস্কোপির মাধ্যমে জরায়ুমুখ (সারভিক্স), যোনিপথ এবং ভালভা (যোনিমুখ) পরীক্ষা করা হয়। প্যাপ স্মিয়ার বা এইচপিভি টেস্টের ফলাফল অস্বাভাবিক এলে এটি করা হয়। এর সাহায্যে জরায়ুমুখের ক্যান্সার, প্রাক-ক্যান্সার কোষ, পলিপ, যোনাঙ্গের আঁচিল (জেনিটাল ওয়ার্টস) এবং জরায়ুমুখের প্রদাহের (সার্ভিসাইটিস) মতো রোগ নির্ণয় করা যায়। বিশেষ করে অস্বাভাবিক রক্তপাত, পলিপ বা আঁচিলের মতো সমস্যাগুলো পরীক্ষার জন্য এটি অত্যন্ত কার্যকর।

রাঙামাটি সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা বলেন, রাঙামাটি সদর হাসপাতালের ইতিহাসে এ প্রথম কলপোস্কোপি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সরকারের চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থা থেকে সরে এসে প্রতিরোধনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার নীতিগত সিদ্ধান্তকে সফল করতে এই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কার্যকর। এখন থেকে রাঙামাটি সদর হাসপাতালে খুব সহজে কলপোস্কোপি জরায়ুমুখ, যোনি ও ভালভার অস্বাভাবিক কোষ পরীক্ষাটি নিয়মিত করা যাবে। এটি জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের একটি জীবন রক্ষাকারী পদক্ষেপ বলে জানান তিনি।

সিভিল সার্জন আরও বলেন,সময়ের সাথে সাথে আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও নতুন নতুন সেবা চালুর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের উপর আস্থা রাখুন, সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সবসসময় ভালো কিছু করতে নিরলস প্রয়াস চালিয়ে যাবো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন