পেকুয়ায় এক কিশোরকে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় এক কিশোরকে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই দুর্বৃত্তরা তাকে মারধর করেও ক্ষান্ত হননি তার কাছ থেকে বাজারে বিক্রি করতে নেয়া প্রায় ১২ হাজার টাকার মাছও ছিনিয়ে নিয়েছে। পরে স্থানীয়রা তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকায় গতকাল সকাল সাড়ে ৭টার দিকে। আহত কিশোর দেলোয়ার (১৩) ওই এলাকার আতিক উদ্দিনের পুত্র বলে জানা গেছে। এ ব্যাপারে ওই কিশোরের পিতা বাদি হয়ে গতকালই পেকুয়া থানায় অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারসুত্রে জানা যায় নন্দীর পাড়া এলাকার ফিরোজ আহমদের পুত্র আতিক উদ্দিন তার এলাকায় একটি স্লুইচ গেইটে জাল বসিয়ে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। গত প্রায় এক মাস ধরে তার প্রতিবেশী দলিলুর রহমানের পুত্র ইলিয়াস প্রকাশ মিয়া, ইমতিয়াজ,আহমদ হোসেনের পুত্র মোস্তফা কামাল, কিসমত আলী ও নুরুল হকের পুত্র কফিল উদ্দিন তার কাছ থেকে কিছু টাকা চায়। কিন্তু তিনি টাকা দিতে অপরাগতা জানালে ওই স্থানে জাল বসাতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
ঘটনার দিন সকালে তার পুত্র দেলোয়ার নন্দীর পাড়া ষ্টেশনে মাছ বিক্রি করতে গেলে পথিমধ্যে উল্লেখিত দুর্বৃত্তরা তাকে মারধর করে প্রায় ১২ হাজার টাকার মাছ ছিনতাই করে নিয়ে যায়। এদিকে বাদি আতিক উদ্দিন জানান থানায় এজাহার দেওয়ার পর ওই দুর্বৃত্তরা আরো বেপরোয়া হয়ে আমাকে দু’দফা হামলার চেষ্টা চালায়।
পেকুয়া থানার এস আই মতিন (ঘটনার তদন্তকারী) জানিয়েছেন আমি গতকাল বৃহষ্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। উভয় পক্ষকে থানায় হাজির হতে বলা হয়েছে।

















