প্রধানমন্ত্রীর সঙ্গে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ সদস্যদের সাক্ষাৎ


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রোববার (১৮ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তারা।
এর আগে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের ২৬ জন সদস্য জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।
বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি অধিবেশনে উপস্থিত ছিলেন।
বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ষষ্ঠ কার্যদিবসের অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

















