বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা, ১৫ ঘণ্টা পর লাশ ফেরত


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আরাকান আর্মিদের গুলিতে আবুল কালাম (২৮) নামে বাংলাদেশি যুবক হত্যা করা হয়। হত্যার ১৫ ঘণ্টা পর পরিবারের কাছে লাশ ফেরত দিয়েছে আরাকান আর্মি।
রোববার (১২ মে) রাত সাড়ে ১২ টায় নিহত আবুল কালাম’কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্ত্রী আরিফা মণি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
নিহতের স্ত্রী আরিফা মণি জানান, রোববার রাত ১২ টার পর তার স্বামীর লাশ বাড়ি আনে আবুল কালামের ভাইয়েরা। রাত সাড়ে ১২ টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে তার ২ সন্তান রয়েছে। বাড়িতে কোনো খাবার নেই। খরচের জন্যেও কোনো টাকা জমা নেই।
উল্লেখ্য, গত রোববার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারের বেনডুলা বাজারে চোরাই পথে পণ্য বিক্রি করে ফেরত আসার সময় বাংলাদেশি আবুল কালাম (২৮)’কে গুলি করে হত্যা করে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ)। সীমান্তের অন্তত ১ কিলোমিটার মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আবুল কালাম (২৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বামহাতির ছড়া গ্রামের বদিউজ্জামানের পুত্র।

















