বাইশারীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম বাইশারী গ্রামের মাওলানা কবির উদ্দীন হুজুরের বসতবাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বসতঘরের মালিকের ছেলে ইরফানুল হক মিশকাত জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে বাড়িতে ঘুমন্ত অবস্থায় যারা ছিলেন, তাদের সবাইকে ঘুম থেকে জাগিয়ে কোনো রকমে ঘর থেকে বের হওয়ার সুযোগ পান। কিন্তু বাড়ি থেকে কোনো কিছুই বের করার সুযোগ হয়নি। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসেও কোনো কিছুই রক্ষা করতে পারেননি।
ছেলে মাওলানা ছালামতুল্লাহ জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তারা তা বুঝতে পারেননি। তাদের মতে, বাড়ির আসবাবপত্র, দুটি ফ্রিজ, প্রায় আট ভরি স্বর্ণ, ধান, চাল, ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই আসলাম এবং স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির।
ইউপি সদস্য নুরুল কবির জানান, আগুনের ঘটনা সত্য। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ আসলাম জানান, আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। কে বা কারা আগুন দিয়েছে এবং কীভাবে লেগেছে তা জানা যায়নি।

















