বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে পাকিস্তানের হাইপারসনিক ‘SMASH’ ক্ষেপণাস্ত্র উন্মোচন

fec-image

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শো ২০২৬ এ পাকিস্তান তাদের ‘SMASH’ হাইপারসনিক অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সল্যুশনস (GIDS) এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করে। যা প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্ব দরবারে দেশটির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন।

প্রদর্শিত তথ্যমতে, SMASH ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণের পাল্লা ৩০০ কিলোমিটারের বেশি এবং দেশীয় ব্যবহারের জন্য এর পাল্লা সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার পর্যন্ত। এই উন্মোচন পাকিস্তানের উচ্চপ্রযুক্তির প্রতিরক্ষা খাতে ক্রমবর্ধমান আত্মনির্ভরতার ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে।

দেশটির নৌবাহিনী জানায় P282 নামে পরিচিত SMASH মূলত জাহাজ থেকে নিক্ষেপযোগ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সমুদ্রপথে শত্রুদের জাহাজে আঘাত হানার জন্য বিশেষভাবে উপযোগী। একই সঙ্গে এটি স্থলভাগেও শুত্রুপক্ষের বিরুদ্ধেও ব্যবহারযোগ্য। সম্পূর্ণ দেশীয়ভাবে উন্নত এই ক্ষেপণাস্ত্রটির নকশায় GIDS-এর তৈরি ফাতাহ–২ গাইডেড রকেট সিস্টেমের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে।

২০২৫ সালের শেষ দিকে জুলফিকার শ্রেণির ফ্রিগেট থেকে সফল সমুদ্রভিত্তিক পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা নির্ভুল প্রমাণিত হয়েছে।

আরব সাগর ও ভারত মহাসাগর অঞ্চলের মতো উত্তেজনাকর জলসীমায় উদ্ভূত হুমকি মোকাবিলায় পাকিস্তানের হাইপারসনিক অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রযুক্তিগত দিক থেকে SMASH-এ রয়েছে একক ধাপের দ্বৈত-থ্রাস্ট সলিড রকেট মোটর, যা ক্ষেপণাস্ত্রটিকে টার্মিনাল পর্যায়ে হাইপারসনিক গতিতে পৌঁছে দেয়।
টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত পর্যায়ে এর গতি ম্যাক ২-এর বেশি, এবং কিছু কিছু ক্ষেত্রে অবতরণকালে সর্বোচ্চ ম্যাক ৮ পর্যন্ত গতির ব্যবহার করা যাবে। যা আধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুতেপূর্ণ ভূমিকা রাখবে।

ক্ষেপণাস্ত্রটির গাইডেন্স ব্যবস্থায় স্যাটেলাইট সহায়তাপ্রাপ্ত ইনর্শিয়াল ন্যাভিগেশন এবং টার্মিনাল পর্যায়ে সক্রিয় রাডার সিকার যুক্ত রয়েছে। এর ফলে প্রায় ১০ মিটার সার্কুলার এরর প্রোবাবিলিটি (CEP) অর্জন সম্ভব, যা বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ারের মতো উচ্চমূল্যের লক্ষ্যবস্তু একক আঘাতে ধ্বংস করতে সক্ষম।

GIDS জানিয়েছে, SMASH একটি দ্বৈত ক্ষেপণাস্ত্র, যার মাধ্যমে সমুদ্র ও স্থলভাগ দুই দিকে এর ব্যবহার করা যাবে। অ্যান্টি-শিপ সংস্করণে প্রায় ৩৮৪ কেজি ওজনের ইউনিটারি ব্লাস্ট বা ব্লাস্ট-ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড ব্যবহৃত হয়েছে। আন্তর্জাতিক অস্ত্র রপ্তানি বিধিমালা অনুসরণ করতে রপ্তানি সংস্করণে পাল্লা সীমিত রাখা হলেও এর মূল হাইপারসনিক বৈশিষ্ট্য বজায় রাখা হয়েছে।

এই ক্ষেপণাস্ত্রটি বিদ্যমান নৌ প্ল্যাটফর্ম, বিশেষ করে জুলফিকার শ্রেণির ফ্রিগেটের সঙ্গে সংযুক্ত করা সম্ভব, যা বড় ধরনের পরিবর্তন ছাড়াই নৌবহরের সক্ষমতা ও টিকে থাকার ক্ষমতাকে বৃদ্ধি করবে।

বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে SMASH-এর প্রদর্শন পাকিস্তানের উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। GIDS এটিকে আন্তর্জাতিক বাজারের জন্য প্রস্তুত একটি সিস্টেম হিসেবে উপস্থাপন করেছে, যার মাধ্যমে পাকিস্তান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক বাজারে প্রবেশ করছে। এই উন্নয়নে NESCOMসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গবেষণা ও সমন্বিত প্রচেষ্টার ভূমিকা রয়েছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক প্রেক্ষাপটে, SMASH পাকিস্তানের সামুদ্রিক প্রতিরোধ ক্ষমতা জোরদার করার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর ক্ষেপণাস্ত্র আধুনিকায়নের প্রেক্ষিতে এটি সম্ভাব্য বৃহৎ নৌবহরের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করবে। এর গতি ও কৌশলগত সক্ষমতা সামুদ্রিক অঞ্চলে আগ্রাসন ও কৌশলগত স্থিতিশীলতায় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান প্রতিরক্ষা শিল্পে ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধারাবাহিকভাবে বৃদ্ধি করছে। হারবাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে SMASH ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত উন্নয়ন কার্যক্রম সলিড প্রপেল্যান্ট, নির্ভুল গাইডেন্স এবং দীর্ঘ পাল্লার ওপর গুরুত্ব দিচ্ছে।

ওয়ার্ল্ড ডিফেন্স শো পাকিস্তানের প্রতিরক্ষা উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করছে। SMASH সহ অন্যান্য সিস্টেম প্রদর্শনের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য ক্রেতা ও অংশীদারদের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

(টাইমস অফ ইসলামাবাদ থেকে অনূদিত)

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন