নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ প্রতিজ্ঞা আইআরজিসির


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই রোববার (১৫ মার্চ) এমন ঘোষণা দিয়েছে সংস্থাটি।
গত কয়েক দিন ধরে নেতানিয়াহু লোকচক্ষুর আড়ালে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, তিনি ইরানি হামলায় নিহত হয়েছেন এবং ইসরায়েল তার পরিবর্তে ‘ডামি’ ব্যবহার করছে। তবে ফ্যাক্টচেক প্রতিবেদনে এসব দাবির সত্যতা পাওয়া যায়নি।
আইআরজিসি তাদের ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বার্তায় জানায়, ‘এই শিশু-হত্যাকারী অপরাধী যদি এখনও বেঁচে থাকে, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব।’
এদিকে রোয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন না নেতানিয়াহু। তার অনুপস্থিতি ঘিরে স্বাস্থ্য বা নিরাপত্তাজনিত বিষয় নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

















