ব্রাজিল-মরক্কোর সমতার ম্যাচেও যত রেকর্ড


মরক্কোর বিপক্ষে খেলা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি হয়তো ভুলে যেতে চাইবে ব্রাজিল। ১-১ গোলে ড্র হওয়া এই ম্যাচটিতে চেনা ছন্দে দেখা যায়নি সেলেসাওদের। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও স্পষ্ট জানিয়েছেন, প্রথমার্ধে শিষ্যদের পারফরম্যান্সে খুশি নন তিনি নিজেও।
এদিকে ব্রাজিল-মরক্কোর সমতার ম্যাচেও তৈরি হয়েছে বেশ কিছু রেকর্ড। এ নিয়ে সর্বশেষ ২১টি ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে হারেনি ব্রাজিল। এর মধ্যে জয় এসেছে ১৭টি, সমতায় শেষ হয় বাকি চারটি ম্যাচ। দলটি সর্বশেষ ১৯৩৪ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে এটাই সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ টানা ৯টি জয় পেয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস।
অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন এমন ম্যাচে এই প্রথম জিততে ব্যর্থ হলো ব্রাজিল। ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস তার ১০ম গোলের দেখা পেয়েছেন। এর মধ্যে তিনটিই যুক্তরাষ্ট্রের মাটিতে। আর ব্রাজিলের মাটিতে করেছেন সর্বোচ্চ চারটি গোল।
জয়বঞ্চিত এই ম্যাচে মরক্কোর পাওয়াও কম নয়। ফিফা বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে প্রথম পয়েন্ট পেয়েছে দলটি। এর আগে ১৯৭০ সালে পেরুর কাছে এবং ১৯৯৮ সালে ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা।
১৯৬৬ সালের পর বিশ্বকাপের ইতিহাসে মরক্কো দ্বিতীয় দল, যারা ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যে ব্রাজিলের গোলমুখে ৫টি শট নিয়েছে। এর আগে এই কীর্তি ছিল কেবল পর্তুগালের।
বিশ্বকাপের ইতিহাসে মরক্কোই প্রথম দল, যাদের শুরুর একাদশের সবার জন্ম বিদেশের মাটিতে। মরক্কোর জার্সিতে বিশ্বকাপে আজ নিজের ১১তম ম্যাচ খেলেছেন আশরাফ হাকিমি। এর মধ্য দিয়ে আফ্রিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ক্যামেরুনের ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক এবং ঘানার আসামোয়াহ জিয়ানের পাশে নাম লিখিয়েছেন তিনি।
















