ভূমিকম্পের আতঙ্কে ৩ জনের মৃত্যু আহত শতাধিক
পার্বত্য ডেক্স: রাজধানী ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে ভূমিকম্পের আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এই পর্যন্ত সারা দেশে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ৩০ জনসহ সারাদেশে প্রায় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোরে সারা দেশে এই ভূমিকম্প অনুভূত হয়।
নিহত তিনজন হলেন রাজধানীর পূর্ব জুরাইন এলাকার আতিকুর রহমান আতিক (২৭), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রধান বাবুর্চি খলিলুর রহমান (৩৮) ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নুর ইসলাম কন্দু (৫০) নামে এক মুদি ব্যবসায়ী। নিহতরা সবাই ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জানা গেছে বলে জানা গেছে।
সোমবার ভোর ৫টা ৫ মিনিটে রাজধানী ঢাকাসহ কেঁপে ওঠে পুরো বাংলাদেশ। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬.৭।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।



















