মহালছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউপিডিএফের ৩ সদস্য আটক

fec-image

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মহালছড়ি সেনা জোনের একটি সফল অভিযানে অস্ত্র ও চাঁদা আদায়ের রসিদসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (১ জুন) আনুমানিক রাত ২টার দিকে মহালছড়ি সেনা জোনের আওতাধীন পঙ্খীমুড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানস্থলে আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা বুলেট, দেশীয় অস্ত্র, ৩টি মোবাইল ফোন এবং চাঁদা আদায়ের রসিদ বই (টোকেন) উদ্ধার করা হয়।

মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. আল-জাবির আসিফ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কের পঙ্খীমুড়া নামক স্থানকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) সদস্যরা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক হারে চাঁদা আদায় করে আসছিল। সুনির্দিষ্ট গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা জোন এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

এদিকে এই আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে তারা এই দলের চাঁদাবাজির কারণে জিম্মি হয়ে ছিলেন। এই অভিযানের ফলে তারা বড় ধরনের হয়রানি ও আতঙ্ক থেকে মুক্তি পেলেন।

আটককৃত ৩ জনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মির্জা জহির বলেন, সেনা জোনের হাতে আটক হওয়া তিন ইউপিডিএফ সদস্যকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা জোনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন