মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা


খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক চিকিৎসা ক্যাম্প। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় এবং ক্যাপ্টেন অতনু বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন।
উপজেলার দুর্গম পঙ্খীমুড়া এলাকায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই কমিউনিটি ক্লিনিক কার্যক্রম। এতে মোট ৪২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সাধারণ জ্বর, সর্দি-কাশি, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, ডায়রিয়া, পেট ব্যথা, দাঁত ও মাথা ব্যথা, রক্তস্বল্পতা, শারীরিক দুর্বলতা ইত্যাদি নানা রোগের চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা শিবিরটিতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ এই উদ্যোগের সফলতাকে তুলে ধরে। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয়রা জানান, দুর্গম পার্বত্য অঞ্চলে এমন সেবা কার্যক্রম যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানান, এ ধরনের মানবিক কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত উদ্যোগের অংশ, যা পার্বত্য চট্টগ্রামের শান্তি, সমৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এই সহানুভূতিপূর্ণ উদ্যোগ নিঃসন্দেহে পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো। এটি শুধু একটি চিকিৎসা শিবির নয়, বরং একটি প্রেরণাদায়ী উদাহরণ-যেখানে সহানুভূতি, দায়িত্ববোধ ও জনসেবার মনোভাব একত্রে কাজ করে চলেছে দেশের সার্বিক উন্নয়নের পথে।

















