মাটিরাঙ্গায় শ‘খানেক মানুষের সমাবেশে পরিবর্তনের লক্ষে ‘লাঙ্গল’ প্রতীকে ভোট চাইলেন সোলায়মান শেঠ
উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :
‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এ শ্লোগানকে সামনে রেখে জেলার ভোটের রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত মাটিরাঙ্গায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শ‘খানেক মানুষের সমাবেশে শান্তি ও পরিবর্তনের জন্য লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন জাতীয় পার্টির আলহাজ্ব সোলায়মান আলম শেঠ। জনশুন্য সমাবেশে কয়েক মিনিটের বক্তব্যে তিনি বলেন, আমি জীবনে অনেক পেয়েছি, পাওয়ার বাকী নেই। আমি আপনাদের সেবা করতে এসেছি। তিনি আরো বলেন, এখানে ‘ নিতে নয় আমি দিতে এসেছি’।
জাতীয় পার্টির নির্বাচন বয়কটের ঘোষনার মধ্য দিয়েই জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মঙ্গলবার বিকালে তার মালিকানাধীন বি-নবাব শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় জাতীয় পার্টির সভাপতি মো: নুরুল ইসলাম। মঞ্চে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আবু হোসেনসহ চট্টগ্রাম থেকে আসা তার জনাকয়েক সফরসঙ্গী।
নির্বাচিত হলে মাটিরাঙ্গায় একাধিক শিল্প-কারখানা গড়ে তোলার ঘোষণা দিয়ে সোলায়মান শেঠ বলেন, শিল্প কারখানা গড়ে উঠলে আপনাদের এখানে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। মানুষের জীবন-জীবিকার মান বাড়বে।



















