মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এদেশ নিরাপদ : সালাহউদ্দিন

fec-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এদেশ নিরাপদ, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের নিরাপত্তা সবকিছুই বিএনপির হাতেই নিরাপদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন সোর্স, গণমাধ্যমের বন্ধুদের সংবাদ, কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্বাচনি সেল আছে ওখান থেকে যেটুকু জেনেছি এবং সারা দেশের জেলা পর্যায়ে থেকে আমরা যে ফলাফলগুলো বেসরকারিভাবে কালেকশন করে যেগুলো জানতে পেরেছি তাতে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি মেজরিটি নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যাবে। সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের বা কারো সঙ্গে কোয়ালিশন (জোট) করার কোনো সুযোগ নেই বা প্রশ্নই আসে না, দরকার নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্যের ভিত্তিতে যারা আমরা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপতের সঙ্গী ছিলাম তাদেরকে নিয়ে সরকার গঠন করা, নির্বাচন করা, সেটা আমরা করেছি। নির্বাচন হয়েছে এবং এরপরে সরকার গঠনের ক্ষেত্রে আমাদের সেই মনোযোগটা থাকবে, প্রতিশ্রুতি থাকবে।

সংসদে কেমন বিরোধী দল দরকার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ভেরি ভাইব্রেন্ট (খুব প্রাণবন্ত) বিরোধী দল দরকার সংসদে। কারণ, এটা সুশাসনের জন্য যেটা বলা হয় যে দায়িত্বশীল সরকার নিশ্চিত করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদে দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। সেরকম আমরা আশা করি।

প্রতিদ্বন্দ্বী দল যারা ছিলেন এ মুহূর্তে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? পাশাপাশি এ ভূমিধস বিজয়ের উল্লাসটা কীভাবে উদযাপন করা হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  আমরা কোনো বিজয় উল্লাস করব না। আমাদের দায়িত্ব অনেক বেশি। কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এ বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল।

তিনি বলেন, আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন যে ‘আই হ্যাভ এ প্ল্যান’, সেই প্রতিশ্রুতি তো কাগজে বিষয় নয় সেটা বাস্তব আমরা উদাহরণসহ জনগণের সামনে দেখিয়েছি যে আমরা এই এই করতে চাই জনগণের জন্য, দেশের জন্য, দেশের উন্নতির জন্য, তরুণ প্রজন্মের জন্য কি করতে চাই- প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর, জ্ঞাননির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। মোট প্রার্থী ৩ জন। কেন্দ্র রয়েছে ১৭৭টি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ধানের শীষ, বিএনপি, সালাহউদ্দিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন