রাঙামাটিতে দীপেন দেওয়ানসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) রাঙামাটির ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিন ২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাঙামাটি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে সকালে বিএনপির প্রার্থী, দুপুরে জামায়াতের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, রাঙামাটির ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন শাসন ব্যবস্থার পক্ষে রায় দেবে। সকল প্রার্থী একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে বিপ্লবী ওয়ার্কস পার্টির মনোনীত প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার ও খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লা মনোনয়নপত্র জমা দেন।
এ পর্যন্ত রাঙামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

















