রাঙামাটির বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত


“করবো মোরা ফলচাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা গড়ে তোলা এবং দেশীয় ফলের পরিচিতি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মেলায় নানা প্রজাতির ফল প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল আম, কাঁঠাল, লেবু, নারকেল, জাম, পেঁপে, পেয়ারা, বেল, আনারস, তেঁতুলসহ বিভিন্ন দেশীয় ফল। বর্ণিল এই ফল প্রদর্শনী দর্শনার্থীদের ব্যাপক আকর্ষণ করে।
মেলায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। আলোচনা সভায় বক্তারা ফলের পুষ্টিগুণ, অর্থনৈতিক গুরুত্ব, বাজারজাতকরণ এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, দেশীয় ফল চাষ বাড়াতে পারলে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী এবং বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দীন মজুমদার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-আলম।
দিনব্যাপী এ ফল মেলায় দেশীয় ফল চাষ সম্প্রসারণ ও সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা সবাইকে ফল চাষে এগিয়ে আসার আহ্বান জানান।
কৃষি বিভাগ জানান, ১৮ জুন শুরু হয়ে ২০ জুন উক্ত মেলা সমাপনী হবে। মেলায় দেশী বিদেশি নানা জাতের ফল উপস্থাপন করা হয়েছে। এসব ফলের সাথে স্থানীয় শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

















