রুমায় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন


সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ ভাবে আসন্ন ১২ ফেব্রয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটের দিন ভোট কেন্দ্র শৃঙ্খলায় বজায় রাখতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন।
বান্দরবানের রুমায় চারটি ইউনিয়নের ১৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ব্যালট ও ব্যালট বাক্সসহ নির্বাচনি সামগ্রি পাঠানো হয়েছে।
উপজেলার ১৯টি ভোট কেন্দ্রের মধ্যে রেমাক্রি প্রাংসা ইউনিয়নের দুর্গম এলাকায় ভোট কেন্দ্র হিসেবে পাকনিয়ার পাড়া ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুইটি কেন্দ্রে নির্বাচন সামগ্রি ও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ আনসার ভিডিপি সদস্যদের বিমান বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীর হেলিকপ্টার করে পৌঁছিয়ে দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা রাসেল দে বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এর মধ্যে অনেকে ভোট কেন্দ্রে পৌঁছে গেছে।
তাঁর ভাষ্যমতে, রুমা উপজেলা চারটি ইউনিয়নে ভোট কেন্দ্রের অতিরিক্তসহ ২০ জন প্রিজাইডিং অফিসার, ৫১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০২ জন পোলিং অফিসার নির্বাচনে ভোট গ্রহণ কাজে দায়িত্ব পালন করবেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অলকা রানী সাহা জানান প্রতিটি ভোট কেন্দ্রে সশস্ত্র তিনজন নারী-পুরুষ সদস্যসহ ১৩ জন আনসার ভিডিপি সদস্য নিয়ম-শৃঙ্খলা ও নিরাপত্তা কাজে ভোটারদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন। নারীদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানে প্রতিটি ভোট কেন্দ্রে চারজন করে নারী আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্র ও আশপাশে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে বিজিবি’র কুইক স্টাইকিং ফোর্স নির্বাচনে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। এছাড়াও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনী টহল দল নির্বাচন এলাকায় সার্বক্ষণিক অভিযানে চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরীফ বলেছেন, নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্র পর্যবেক্ষণে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন্দ্রগুলো পর্যবেক্ষণে থাকবেন। এর মধ্যে দুর্গম এলাকায় পাকনিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুইটি ভোট কেন্দ্রে নির্বাচনে সামগ্রিগুলো বিমান বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীর হেলিকপ্টার করে পৌঁছে গেছে।

















