লক্ষ্মীছড়িতে চেয়ারম্যান পদে ৯ এবং ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র জমাদান
উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি :
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। রবিবার সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের হাতে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
জানা যায়, চেয়ারম্যান পদে ৯ জন ছাড়াও পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়ন ফরম যারা জমা দিয়েছেন তারা হলেন, চেয়ারম্যান পদে দেবরাণী চাকমা, চাথোয়াই মারমা, রেম্রাচাই চৌধুরী, বাবু দশরথ তালুকদার, স্বপন চাকমা, মংক্যচিং মারমা, নীল বর্ণ চাকমা ও মাইনুল ইসলাম। এর মধ্যে চেয়ারম্যান পদে সুপার জ্যোতি চাকমা খাগড়াছড়ি জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন বলে জানা গেছে।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে অংগ্য প্রু মারমা, ত্রিলন চাকমা ও রতন বিকাশ চাকমা এবং মহিলা ভাইস-চেয়াম্যান পদে মেরিনা চাকমা, বেবি রানী বসু, সাগরিকা চাকমা ও সুমনা চাকমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে ১৫টি এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪টি করে মনোনয়ন ফরম বিক্রি হয় বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি বাছাই এবং ১১ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামি ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ।


















