লামায় দুই ত্রিপুরা কিশোরীর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

লামা প্রতিনিধি:
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রামগতি ত্রিপুরা পাড়ায় কথিত দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণ মামলা সাজিয়ে বনপুর ত্রিশডেবা বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যের বিতর্কিত করার জন্য দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বনপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থানীয় জনসাধারণের উদ্যোগে বুধবার সকালে বনপুর বাজারে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
স্থানীয় অধিবাসী মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, স্থানীয় অধিবাসী মনির উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও সিরাজুল ইসলাম।
মানববন্ধনে বক্তরা জানান, পাহাড়ি সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বনপুর ত্রিশডেবা এলাকায় সন্ত্রাস চাঁদাবাজী ও অপহরণসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে বনপুর বাজারে সশস্ত্র সন্ত্রাসীরা গণ ডাকাতি করেছে। বনপুর এলাকার সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। ত্রিশডেবা বিজিবি ক্যাম্প প্রত্যাহার করার জন্য একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সম্প্রতি দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণ ঘটনার মিথ্যা মামলা সাজিয়ে বিজিবি সদস্যদেরকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। সকল বক্তা বিজিবি ক্যাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং সরকারকে কুচক্রী মহলের কথা অনুযায়ী বিজিবি ক্যাম্প প্রত্যাহার না করার দাবি জানিয়েছেন।

















