অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে লাগাতার অবরোধ

সড়ক অবরোধ

পার্বত্যনিউজ রিপোর্ট:

রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার বগাছড়ি সুরিদাস পাড়ায় পাহাড়িদের দোকান, বসতবাড়ি ও বৌদ্ধ মন্দিরে সেটলার বাঙালিদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, লুণ্ঠিত বুদ্ধমূর্তি উদ্ধার, বগাছড়িতে ভূমি বেদখল বন্ধ করা ও সেখান থেকে বহিরাগত সেটলারদের প্রত্যাহারের দাবিতে নানিয়ারচর ভূমি রক্ষা কমিটি আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি – খাগড়াছড়ি সড়কে লাগাতার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচী পালন করবে। নানিয়ারচর ভূমিরক্ষা কমিটি মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

একই দাবিতে নান্যাচর সদরে আগামীকাল ১৭ ডিসেম্বর ঘিলাছড়ি থেকে খামারপাড়া ও নানিয়াচর সদরে মানববন্ধন, ১৮ ডিসেম্বর ঘিলাছড়ি, কুদুকছড়ি ও বেতছড়িতে বিক্ষোভ সমাবেশ এবং ১৯ ডিসেম্বর নান্যাচরে টিএনও বরাবর স্মারকলিপি পেশ করা হবে। এছাড়া হামলাকারী সেটলারদের যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বয়কট করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ ও বয়কট কর্মসূচী অব্যাহত থাকবে।

রোগী ও লাশবাহী এ্যাম্বুলেন্স, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণকাজে নিয়োজিত যানবাহন, ফায়ার সার্ভিস, জরুরী ঔষধ সরবরাহের কাজে ব্যবহৃত গাড়ি ও সংবাদকর্মীদের ব্যবহৃত যান অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

নানিয়াচর ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশীল জীবন চাকমা বগাছড়িতে উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন। এছাড়া তিনি হামলায় ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ভূমি বেদখল বন্ধ, বগাছড়ি থেকে বহিরাগত সেটলারদের প্রত্যাহার এবং লুণ্ঠিত বুদ্ধমূর্তি উদ্ধারেরও দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন