অবরোধের সমর্থনে পেকুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
উপজেলা প্রতিনিধি, পেকুয়া :
নিদর্লীয় তত্বাবধায়ক সরকার পূণবহাল ও শীর্ষ নেতাদের মুক্তির দাবীতে বিএনপি তথা ১৮ দলীয় জোটের ডাকা তৃতীয় দফা ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও রিক্সা ছাড়া কোন প্রকার যান বাহন চলাচল করেনি। পেকুয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র পেকুয়া বাজার ও পেকুয়া চৌমুহনী এলাকাও লোক সমাগম ছিল কম। ব্যাংক বীমা প্রতিষ্ঠানে লেনদেন ছিল একেবারে নগণ্য। হাট বাজার গুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সরবরাহ কমে যাওয়ায় চড়া দামে বিক্রি করা হচ্ছে। আবার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাওয়া যাচ্ছেনা বলেও ক্রেতারা বিক্রেতারা অভিযোগ করছে।
আজ রবিবার সকাল ৯ টা থেকে পেকুয়া বাজারের দলীয় কার্যালয়ের সামনে কয়েকশ’ নেতাকর্মী অবস্থান নিয়ে পেকুয়া মগনামা বানিয়ার চরা সড়ক অবরোধ করে রাখে। সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলটি পেকুয়া বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেট এম মোসলেম উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুল হক চৌধূরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাছ্না উল্লাহ, উপজেলা যুবদলের সদস্য ইসমাইল প্রমুখ।
নেতাকর্মীরা শেখ হাসিনাকে অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করে জনপ্রিয়তা যাচাই করার জন্য অনুরোধ করেন। অন্যথায় অবরোধের মত আরো কঠোর কর্মসূচি পালন করে যাবে। তারপরও শেখ হাসিনা পদত্যাগ না করলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।



















