আমরা সৎ শাসক চাই : ডা. শফিকুর রহমান


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলছেন, ‘অনেক শাসন দেখেছি। সেগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা সৎ শাসক চাই। কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’
আজ মঙ্গলবার সকালে খুলনার দাকোপ উপজেলায় এক পথসভায় তিনি এ কথা বলেন। দাকোপ উপজেলা জামায়াতের উদ্যোগে চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ পথসভা হয়।
এ সময় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের জন্য দোয়া চান শফিকুর রহমান। তিনি বলেন, ‘কিছু কিছু পরিবার সন্তানকে লাশ হিসেবে পাচ্ছে না, আবার হাসপাতালে পাচ্ছে না, তাঁদের বিষয়টা আরও কষ্টদায়ক। আল্লাহ যেন তাঁদের সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। আর চলে যাওয়া লোকগুলোকে শহীদ হিসেবে কবুল করুন।’
জামায়াত আমির বলেন, ‘দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই।’ বিগত সরকারের শাসনামলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিহত হয়েছেন এবং উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের শহীদ মর্যাদার জন্য আল্লাহর কাছে দোয়া চান তিনি।
এর আগে জামায়াত আমির দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারকে সান্ত্বনা দেন। আবু সাইদ গত ১৯ জুলাই ঢাকায় দলের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জি এম আখতারুজ্জামানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আবদুল খালেক, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মশিউর রহমান, ইমরান হোসাইন, মাহফুজুর রহমান, রেজাউল করিম প্রমুখ।

















