উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরান গেলেন পাক সেনাপ্রধান


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং শান্তি আলোচনার পথ সুগম করতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। প্রতিনিধি দলটি আজ বুধবার ইরানের রাজধানীতে পৌঁছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধানের এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাভীসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। খবর আল-জাজিরা ও প্রেস টিভির
বার্তা সংস্থা জিনহুয়া অবশ্য বলেছে, সেনাপ্রধান ছাড়া, প্রতিনিধি দলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা সংস্থা এবং কারিগরি বিশেষজ্ঞ রয়েছেন। ইরান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানি প্রতিনিধি দলটির বৈঠক করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনার ধারাবাহিকতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা পৌঁছে দিতে পাকিস্তান সেনাপ্রধান তেহরান সফর করছেন। তাছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ সহজ করতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা আরও জোরদার করতে চায়।
ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাপ্রধানের তেহরান সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, তেহরান সফরের মাধ্যমে পাকিস্তান পরবর্তী দফার আলোচনার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দুই দিনের মধ্যে পরবর্তী আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন এবং ইরান তার জলসীমায় মার্কিন নৌ-অবরোধ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে, ঠিক তখন পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

















