কক্সবাজারে বিজয় টিভির ইসলামী সঙ্গীতের অডিশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন বলেছেন, শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সুশিক্ষা। এ জন্য পড়ালেখার পাশাপাশি সুস্থ বিনোদন চর্চার প্রয়োজন।‘এই সুর ছড়াবে আলো সবখানে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার কক্সবাজারের হোটেল সী-গাল’র কনফান্সে রুমে হামদ, নাত ও ইসলামী সঙ্গীতের উপর অডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজয় টিভি’র কক্সবাজার অঞ্চলের অডিশনে জেলা প্রশাসক আরো বলেন, আজকের শিশুরা একদিন অনেক বড় মাপের আলোকিত মানুষ হবে। তারা নিজেরা আলোকিত হলেই তবেই দেশের তরে আলো ছড়াতে পারবে। আলোকিত মানুষ তৈরিতে বিজয় টেলিভিশন যে উদ্যোগ নিয়েছে তা এ ক্ষেত্রে অনন্য অবদান রাখবে। এ অডিশন তৃণমূলের প্রতিভাকে খুঁজে বের করতে ভূমিকা রাখবে। এছাড়া সব ধরণের সৃজনশীল প্রতিভাকে বিকাশের ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই বলেও জেলা প্রশাসক মন্তব্য করেন।
বর্ণাঢ্য আয়োজনে ওয়ান্ডার্স মিডিয়া ও আম্মা ফাউন্ডেশনের সহযোগিতায় সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া অডিশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
অডিশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল, ওয়ান্ডার্স মিডিয়ার চেয়ারম্যান ও দুদকের সাবেক পরিচালক মোজাম্মেল হোসেন।
বিজয় টিভি’র পরিচালক তরুণ শিল্পপতি ওসমান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রামু ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল হক, আমরা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি ও ওয়ান্ডার্স মিডিয়ার উপদেষ্টা কে.এম মুজিবুর রহমান মজনু, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও কক্সবাজার নিউজ ডটকমের সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, আম্মা ফাউন্ডেশনের মহাসচিব মোঃ বোরহান উদ্দিন খাঁন, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ নাসির উদ্দিন, আম্মা ফাউন্ডেশন চট্টগ্রামের চেয়ারম্যান ও ওসেপের নির্বাহী পরিচালক রোটারিয়ান মোঃ জসীম উদ্দিন, বিজয় টিভির চট্টগ্রাম ব্যুরো চীফ সৌমেন ধর ও সী-গাল হোটেলের ব্যাবস্থাপক হারুনুর রশিদ।
বিজয় টিভি’র কক্সবাজার প্রতিনিধি ইমাম খাইরের সঞ্চালনায় অডিশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ান্ডার্স মিডিয়ার সিইও এবং আম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আতাউল্লাহ খাঁন। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতায় ছিলেন বিজয় টিভি কক্সবাজার প্রতিনিধি শাহ আলম।
অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন- কক্সবাজার সাক্সৃতিক কেন্দ্রের সংগীত শিক্ষক ও বেতারের সংগীত প্রযোজক ওস্তাদ মো. আব্দুস শুক্কুর আজাদ, বাংলাদেশ বেতারের গীতিকার ও সুরকার অধ্যাপক ফরিদুল আলম, গীতিকার সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আযম চৌধুরী, গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী মিজান রায়হান এবং বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ও চট্টগ্রাম আদালতের এপিপি মো. সানা উল্লাহ সানু।



















