কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ

OLYMPUS DIGITAL CAMERA

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা’র অপহরণকারী ও তার দোসরদের গ্রেফতার ও বিচার এবং অপহরণের তদন্ত রিপোর্ট নিয়ে তালবাহানা বন্ধের দাবিতে হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ ১০ জুন মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভরস্থ ঠিকাদার সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারাঙহিয়া, উপজেলা হয়ে চেঙ্গী স্কোয়ার গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নিরূপা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও পার্বত্য নারী সংঘের সদস্য কাজলী ত্রিপুরা প্রমূখ। হিল উইমেন্স ফেডারেশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা সমাবেশে পরিচালনা করেন।

সমাবেশে বক্তারা বলেন, কল্পনা চাকমা অপহরণের ১৮ বছরেও সরকার চিহ্নিত অপহরণকারী ও তার দোসরদের গ্রেফতার ও বিচার করেনি। এত বছরে কল্পনা চাকমার হদিস দেয়া তো দূরের কথা, অপহরণের তদন্ত রিপোর্ট দিতেও সরকার নানা তালবাহানা করছে। নানা অজুহাতে চিহ্নিত অপরাধীদের বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে। কল্পনা চাকমার ভাইয়ের ডিএনএ টেস্টের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করা হয়েছে।

বক্তারা বলেন, শুধু কল্পনা অপহরণ ঘটনা ছাড়াও পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেই চলেছে। কল্পনা চাকমা’র অপহরণ ঘটনার কোন দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধীরা এ ধরনের অপকর্ম সংঘটিত করতে উৎসাহিত হচ্ছে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের শিকার নারীদের মেডিক্যাল রিপোর্ট প্রদানের ক্ষেত্রে সরকারিভাবে গোপন নির্দেশনা জারি থাকায় নির্যাতিত নারীরা সুবিচার থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে সরকার নীতিগতভাবেই পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন, ধর্ষণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সেটলারদের প্ররোচনা দিয়ে যাচ্ছে। সরকারের এ গোপন নির্দেশনা বাতিল করা না হলে পার্বত্য চট্টগ্রামে আরো নারী ধর্ষণ ও খুুনের ঘটনা ভবিষ্যতে বৃদ্ধি পাবে বলে বক্তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা বাঘাইছড়ির নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহৃত হন। আগামী ১২ জুন কল্পনা চাকমা অপহরণের দেড় যুগ পূর্ণ হবে। কিন্তু সরকার এখনো তাঁর কোন হদিস দিতে পারেনি।
– প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন