কুতুবদিয়া চ্যানেলে জেলে নিখোঁজ


কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলের আলী আকবর ডেইল জেটি ঘাটের অদূরে ফিশিংবোট থেকে পড়ে গিয়ে শাহাজান নামের এক জেলে নিখোঁজ হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল ১১টার দিকে কূলে ফেরার সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের ধাক্কায় বোট থেকে ছিঁটকে সাগরে ডুবে যায়। সে স্থানীয় ঘাটকূল পাড়ার মোহাম্মদ হোছাইনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে জনৈক মঞ্জুর কোম্পানির ফিশিংবোট ঘাটে ফিরতে ছিল। এসময় চ্যানেলে প্রবল বেগে বাতাসের ঢেউয়ের কারণে বোটে থাকা জেলে শাহজাহান (৩৩) ছিঁটকে সাগরে পড়ে যায়। তবে সাথে সাথে তাকে উদ্ধার করা চেষ্টা করা হলেও রাত পর্যন্ত ওই জেলের সন্ধান পাওয়া যায়নি।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, বিকেলে নিখোঁজের বিষয়টি তারা খবর পেয়ে ঘাটে যান। তবে এখানের স্টেশনে ডুবুরি ইউনিট না থাকায় তাদের করার কিছু ছিলনা। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগের পরামর্শ দেন বলে জানান তিনি।

















