স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাবে শিবির

ক্যাম্পাসে ডাকসু নেতৃবৃন্দের প্রাণোচ্ছলতা

fec-image

৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ ২৮ পদের ২৩টিতেই জয়লাভ করে। ১৪ সেপ্টেম্বর ২০২৫ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা রবিবার উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদ, এজিএস মুহাঃ মহিউদ্দীন খানসহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন। ডাকসুর ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এ সময় উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বচ্ছ প্রক্রিয়ায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ায় ডাকসু’র কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দলীয় বিবেচনার উর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তিনি ডাকসু নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সভায় আর্টিক্যাল ২০ (১) (এম) অনুযায়ী সিনেটে ডাকসুর ৫ জন ছাত্র প্রতিনিধি মনোনয়নের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, ডাকসুর কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়েও সভায় আলোচনা করা হয়।

স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাবে শিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক এলাকায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন। ১৪ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। একাডেমিক স্থানগুলো হলো ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কেন্দ্রীয় লাইব্রেরি, কার্জন, মোকাররম ভবন ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস)।

ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, ‘নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একাডেমিক এলাকায় ৫টি জায়গায় এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করব। এই কাজটি ডাকসুর আগেই কথার কথা ছিল। কিন্তু ডাকসু আচরণবিধিতে উল্লেখ ছিল কোনো ধরনের উপহার দেওয়া যাবে না। তাই এখন এটি করছি। আমাদের এমন কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক ও ডাকসু নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান বলেন, ‘আমরা দীর্ঘ এক বছর যাবৎ শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করেছি। সেটার ধারাবাহিকতায় আমরা আজকে নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছি। ডাকসুর তফসিলে আমরা বলেছিলাম একাডেমিক ভবনে যে ধরনের সুবিধা নেই সেগুলোর ব্যবস্থা করব। আমাদের এই ধরনের কাজ অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন