ক্রেন থেকে পড়া রডের আঘাতে দুজন গুরুতর আহত


রাজধানীর গুলিস্তানে ক্রেন থেকে পড়া রডের আঘাতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন । আহতরা হলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন (৪০) ও মোহাম্মদ জাকির হোসেন (৩৫) নামের দুই ব্যক্তি। সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া নজরুল ইসলাম বলেন, ‘গুলিস্তান হলের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ হল মার্কেটের ওপরে থাকা ক্রেন থেকে রডের টুকরো নিচে পড়ে। ওই রডের আঘাতে গুরুতর আহত হন শাহাবুদ্দিন ও জাকির।’
তিনি আরও জানান, শাহাবুদ্দিন ওই এলাকায় ব্যবসা করেন ও জাকির হোসেন ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গুলিস্তান থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
















