খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। আজ সোমবার দিবসটি পালন উপলক্ষে সচতন নাগরিক কমিটি (সনাক),খাগড়াছড়ি ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় আদালত সড়কস্থ খাগড়াছড়ি টাউন হল থেকে ‘‘চাই স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দূর্ণীতি দমন কমিশন’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে খাগড়াছড়ি জেলা শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শাপলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবের অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
স্বজন সদস্য এম. এ মতুর্জার সঞ্চালনায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম। বিশেষ অতিথি সভায় উপস্থিথ ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নুল আবেদিন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, এনএসআই খাগড়াছড়ির সহকারি পরিচালক এ.কে.এম. মাহবুবুল হুদা ও সনাক সহ-সভাপতি লালসা চাকমা।
সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে.এম. শাহরিয়ার রেজা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন আইন (সংশোধিত) ২০১৩ পাশ হওয়ায় দুর্নীতি বিরোধী কার্যক্রম বাঁধাগ্রস্থ হবে-এই দাবীর সাথে একমত পোষন করে বলেন, আইন প্রণয়ন সম্ভব হয়েছে নিষ্ক্রিয় দুর্নীতি দমন কমিশনের ব্যর্থতার কারণে। দুর্নীতি প্রতিরোধে দেশের সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক প্রচেষ্টা সক্রিয় ভূমিকা রাখতে হবে। অন্যথায় দুর্নীতি দূর করা সম্ভব নয়। বিশেষ করে যারা দুর্নীতি দমন করার দায়িত্বে নিয়োজিত দুর্নীতি দমন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বেশী জরুরী। সভায় বক্তারা বেগম রোকেয়ার দিবসের তাৎপর্য তুলে ধরেন।
সভায় মাহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে সমগ্র জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় খাগড়াছড়ি জেলায় ৫টি ক্যাটগরিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জয়িতাদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।



















