খাগড়াছড়িতে ইউপিডিএফ-এর কার্যালয়ে নিরাপত্তা বাহিনীর তল্লাশির নিন্দা ও প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি:
খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরে ইউপিডিএফ এর কার্যালয়ে নিরাপত্তা বাহিনীর তল্লাসীর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপন খীসা বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিবৃতির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কোন ধরনের সুনির্দিষ্ট কারণ ছাড়া অফিস তল্লাসীর ঘটনা চরম অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী এবং মৌলিক নাগরিক অধিকারের পরিপন্থী।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বিবৃতিতে আরো বলেন, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরে অবস্থিতি ইউপিডিএফ-এর জেলা কার্যালয় বন্দুক তাক করে ঘিরে ফেলে। প্রায় দুই ঘন্টা ধরে ঘিরে রাখার পর একদল পুলিশ আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অফিসে ঢুকে তল্লাশি চালায়। কিন্তু অবৈধ কোন কিছু তারা উদ্ধার করতে পারেনি। তল্লাশি শেষে অফিসের পাশ্ববর্তী দোকানদার দীপন চাকমা ও অফিসে দায়িত্বরত দ্বিতীয়া চাকমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে চলে যায়।
ইউপিডিএফ নেতা অবিলম্বে এ ধরনের তল্লাশি, হয়রানি বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান।


















