খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত পিসিপির সড়ক অবরোধ চলছে ঢিলেঢালা

নিজস্ব প্রতিবেদক:
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাসহ আটক তিন নেতার মুক্তির দাবীতে খাগড়াছড়িতে ডাকা ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঢিলে-ঢালাভাবে চলছে।
এদিকে শহরে অবরোধের সমর্থনে কোথাও পিকেটিং চোখে না পড়লেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। সকাল থেকে কয়েকটি আভ্যন্তরীন সড়কেও হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। আকস্মিক ডাকা অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচের যাত্রীরা বেকায়দা পড়েছে। তবে পর্যটকবাহী গাড়ীগুলো পুলিশ প্রহরায় গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী জানান, এখনো পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত ২৩ অক্টোবর সকাল ৮টার দিকে পুলিশ পানছড়ি উপজেলার লোগাং সড়কের মোহাম্মদপুর এলাকায় একটি মাইক্রেবাস তল্লাসী করে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিপুল চাকমাকে আটক করে পুলিশ। তার মুক্তির দাবীতে বুধবার বিকালে আহুত সাংবাদিক সম্মেলন শেষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রীয় সহ-সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে আটক করলে রাতেই প্রেস বিজ্ঞপ্তি খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।
খাগড়াছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রইছ উদ্দিন জানান, বিপুল চাকমার বিরুদ্ধে ২০১৩ সালের ১১ নভেম্বর খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাগামী গাড়ী বহরে হামলা, বিস্ফোরক দ্রব্য, পুলিশের গাড়ী ভাংচুর ও বিশেষ ক্ষমতা আইনসহ ১৩ মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তম্মধ্যে খাগড়াছড়ি সদর থানায় ১১টি ও পানছড়ি থানায় দুটি। বিপুল চাকমাকে পুলিশ দীর্ঘ দির ধরে খুঁজছিল। অপর দিকে বুধবার বিকালে আটক বিনয়ন চাকমা ও অনিল চাকমার বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
















