গুলশানে প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই নিহত হলেন পপি ত্রিপুরা, আহত ১


রাজধানীর গুলশানে প্রাইভেট কারের ধাক্কায় লিয়ানা পপি ত্রিপুরা (২৩) নামে এক নারী মারা গেছেন। এ সময় আহত হন একজন। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
পপি ত্রিপুরার বাড়ি বান্দরবানের থানচি উপজেলায়। তার পিতার নাম এন্দ্রিজয় ত্রিপুরা। তিনি গুলশানের কালাচাঁদ এলাকায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গুলশানের একটি পার্লারে চাকরি করতেন।
নিহতের ভগ্নিপতি মিলন ত্রিপুরা জানান, তার একই এলাকার মেয়ে সেলানা ত্রিপুরা (১৯) পপির সঙ্গে থাকতো এবং একই পার্লারে কাজ করতো। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে রিকশা নিয়ে তারা পার্লারে যাচ্ছিল এমন সময় পেছন থেকে একটি বেপরোয়া প্রাইভেট কার তাদের রিকশাকে ধাক্কা দেয়।
এসময় পপি ডান দিকে আর সেলোনা বাম দিকে ছিটকে পড়ে। পরে প্রাইভেট কারটি পপির ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত সেলানাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
ময়নাতদন্ত শেষে রাত পৌনে সাতটায় স্বজনরা গ্রামের উদ্দেশে লাশ নিয়ে যান।

















