ঘুমধুম সীমান্তে অবৈধ বাঁশের হাট! নেপথ্যে কারা?


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্ত লাগোয়া তুমব্রু-বাইশফাঁড়ী এলাকায় পাকা রাস্তার পাশে অবৈধভাবে বসেছে বাঁশের হাট। ওই এলাকার দুই ব্যক্তির নেতৃত্বে অবৈধভাবে মিয়ানমার থেকে দিন দুপুরে আসছে হাজার হাজার বাঁশ আসছে বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে সরজমিনে ঘুরে দেখা গেছে তুমব্রু থেকে বাইশফাঁড়ী সড়কের লাল ব্রিজের ৩০ ফিট পর পাকা রাস্তার উপর বসেছে এই অবৈধ বাঁশের হাট।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশকজন জানান, বাঁশ ব্যবসায়ীদের হাত নাকি অনেক লম্বা, তারা যেকোন সময় মিয়ানমারে যাওয়া আসা করতে পারে নির্দ্বিধায়। অপরদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি তাদের নিরাপত্তার স্বার্থে সীমান্তের প্রতিটি পয়েন্টে পুতে রেখেছে ল্যান্ড মাইন।
ইতিপূর্বেও মাইন বিস্ফোরণ ঘটে কয়েকজন বাংলাদেশির পা বিছিন্ন হওয়ার নজির আছে। যদি এভাবেই ব্যবসায়ী বা শ্রমিকরা প্রতিনিয়ত এপার থেকে ওপারে যাওয়া আসা করে পূর্বের ন্যায় যেকোন সময় অঘটন ঘটতে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাসরুকী’র কাছে জানতে চাইলে তিনি বলেন, বিজিবিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছি। দ্রুত সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

















