চকরিয়ায় এভারগ্রীন হাসপাতালসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা


কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি হাসপাতাল সড়ক থেকে রফিকুল ইসলাম নামে এক দালালকে আটক করে ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া এভারগ্রীন হাসপাতালসহ ৬ ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৮২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে চকরিয়া পৌরশহর ও জিদ্দাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, চকরিয়া উপজেলার বিভিন্ন জায়গায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা গ্রহীতারা নানা ধরনের অনিয়ম, অপরিষ্কার-অপরিচ্ছন্ন, অব্যবস্থাপনা বিষয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিকালে পৌরশহরসহ নানা জায়গায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, অভিযানের সময় সরকারি হাসপাতাল সড়ক থেকে মো. রফিকুল ইসলাম নামে এক দালালকে আটক করে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও লাইসেন্স না থাকা, অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থাপনার জন্য জিদ্দা বাজার এলাকায় বেসরকারি এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার টাকা, ল্যাব হাউজ প্যাথলজিকে ১০ হাজার টাকা, হিলসাইড প্যাথলজি ল্যাবকে ১০ হাজার টাকা, হাসান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে এল কে ফার্মেসিকে ৫ হাজার ও হুমায়ুন ফার্মেসিকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৮২ টাকা অর্থদন্ড প্রদান করা হয়৷ জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সুজন ত্রিপুরা, স্যানিটারী ইন্সপেক্টর আরিফুল ইসলাম ও চকরিয় থানা পুলিশের একটি টিম।

















