চকরিয়ায় অকটেনের আগুনে যুবকের মৃত্যু


কক্সবাজারের চকরিয়ায় অকটেন বিক্রির সময় অকটেনে মোমবাতির আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. আরিফুল ইসলাম জিকু (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার ৮ দিন পর শনিবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডে নিহত জিকু উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হাজিয়ান এলাকার নুরুল আবছারের ছেলে।
স্থানীয়রন জানান, গত ৪ নভেম্বর সন্ধ্যায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজিয়ান স্টেশন এলাকায় জিকুর মুদির দোকানের পাশে আজিম স্টোর নামে অপর একটি দোকানে খোলাবাজারে অকটেন বিক্রি করার সময় মোমবাতির আগুন লেগে অগ্নিদগ্ধ হন জিকু। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন অগ্নিদগ্ধ জিকুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পরে হাসপাতালে চিকিৎসা অবস্থায় এক মুদির দোকানদার মারা যাওয়ার বিষয়টি জেনেছি। ওই পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

















