চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছে্ন। হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ারও খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত এরশাদ উল্লাহকে দ্রুত স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুর্বৃত্তরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এরশাদ উল্লাহসহ আরও কয়েকজনের ওপর হামলা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।” তিনি বলেন, “এই দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করা ছাড়া বিকল্প নেই।”

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা দেশের স্থিতিশীলতা ও অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে।”

তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং গুলিতে আহত এরশাদ উল্লাহসহ অন্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন