কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে অবৈধ দখল দ্রুত উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


বিগত সরকারের আমল থেকেই সমুদ্রের পাড় দখল করে অবৈধভাবে একের পর এক স্থায়ী-অস্থায়ী দোকানসহ নানা স্থাপনা বসাচ্ছে প্রভাবশালীরা। এদিকে সরকার পরিবর্তনের পরও দখলবাজি চলতে থাকায় হতাশ ও ক্ষুব্ধ ছিলেন জেলাবাসী। কিন্তু সবকিছুকে ছাপিয়ে দুই দিনের সফরে আসা স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ১ সপ্তাহের মধ্যেই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সোমবার (৯ মার্চ) কক্সবাজারে আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এই ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণায় সন্তুষ্ট সচেতন মহল। তাদের প্রত্যাশা, স্থায়ী সমাধানের মধ্য দিয়ে দখলমুক্ত, নিরাপদ ও সুন্দর সমুদ্র সৈকত নিশ্চিত হবে।
রমজানের ফাঁকা সমুদ্রে প্রভাবশালীরা বালিয়াড়ি দখল করে অবৈধভাবে একের পর এক বসাচ্ছে স্থায়ী-অস্থায়ী দোকানসহ নানা স্থাপনা। এতে যেমন সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়রা বলছেন, প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে সৈকত দখলমুক্ত করলেও কিছুদিন পর আবারও একই চিত্র দেখা যায়। তারা পর্যটন নগরী রক্ষার্থে স্থায়ী সমাধানের দাবি তুলছেন।

















