চাঁদাবাজির মামলায় বান্দরবান জনসংহতি সমিতির সভাপতি গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির মামলায় বান্দরবান জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি উছোমং মারমাকে শহরের কালাঘাটার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল করিমকে গত শুক্রবার সুয়ালকের আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া এলাকায় হত্যার ভয় দেখিয়ে চাঁদা আদায় করেছে উল্লেখ করে রোববার উছোমংকে আসামী করে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। এঘটনায় সোমবার ভোর রাতে শহরের কালাঘাটা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আদালত সূত্র জানায়, সোমবার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামীর কৌশুলী জামিনের আবেদন করে। আদালত জামিন নামঞ্জুর করে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ জানান, উছোমং মার্মার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সস্পাদক মংপু অপহরণের ঘটনায় জনসংহতি সমিতির শীর্ষ ৩৮ নেতার বিরুদ্ধে অপহরণ মামলা করে অপহৃত আওয়ামীলীগ নেতার মেয়ে জামাতা হ্লাচিমং। এ ঘটনায় গত ১৭ জুলাই জেলা সভাপতি উছোমং মারমাসহ জনসংহতি সমিতির ১০ নেতা হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। রোববার সংগঠনের ১০ নেতা বান্দরবানে আসলে তাদের জেলা কার্যালয়ে সংবর্ধনা দেয় নেতাকর্মীরা।

















