জলাবদ্ধতা সৃষ্টি করে কৃষকের সবজি ক্ষেত বিনষ্টের অভিযোগ
পেকুয়ায় প্রতিনিধি:
পেকুয়ায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে অসহায় কৃষকের সবজি ক্ষেত বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই দরিদ্র ভুক্তভুগী কৃষকের অর্ধ লক্ষাধিক টাকা বিনিয়োগে সৃজিত ক্ষেত বিনষ্টের আশু প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের সু’দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনাটি ঘটেছে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকায়।
জানা যায়, উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া ৬নং ওয়ার্ডের দক্ষিনজুম ভিলিজারপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের পুত্র দরিদ্র কৃষক মো. আলী স্থানীয় জারুল বনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় অর্ধ লক্ষাধিক টাকা দায়দেনার পুঁজি বিনিয়োগে ৩কানি জায়গায় বিভিন্ন প্রজাতির সবজি ক্ষেত আবাদ করেন। ঘটনার দিন ২২মার্চ মঙ্গলবার সকালের প্রবল বৃষ্টিপাতের ফলে সবজি চাষী কৃষক মো. আলীর আবাদকৃত ক্ষেত পানিতে তলিয়ে যায়।
এসময় তারই প্রতিবেশী প্রভাবশালী সবজি বাগান মালিক মো. আশরফ আলী ও তার পুত্রদ্বয় মো. আলীর সবজি ক্ষেতের পানি চলাচল পথটি বন্ধ করে দেন। এতে কৃষক মো. আলীর আবাদী সবজি ক্ষেতে অস্বাভাবিক জলাবদ্ধতা দেখা দেয়। পরে, সবজি চাষী মো. আলী তার ক্ষেতের পানি নিষ্কাশন করতে চাইলে অভিযুক্তরা তাতে বাঁধা দেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে চরম বাকবিতন্ডার ঘটনা ঘটে। বর্তমানে দু’সবজি ক্ষেত প্রতিবেশীর মধ্যে চাঁপা উত্তেজনা বিরাজ করছে।

















