ত্রিশালে পুলিশ ভ্যানে হামলা করে জেএমবি’র মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দীন, বোমা মিজানসহ তিন আসামীকে ছিনতাই: ১ পুলিশ নিহত গুলিবিদ্ধ ২
পার্বত্য নিউজ রিপোর্ট:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজনভ্যানে বোমা হামলা ও গুলি চালিয়ে জেএমবির ৩ আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের ছোড়া গুলিতে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে যে আসামিদের ছিনিয়ে নেয়া হয়েছে তারা হলেন- কাশিমপুর কারাগারের ১নং ইউনিটের আসামি সালাউদ্দিন, হাইসিকিউরিটি ইউনিটের রাকিব হাসান, ২নং ইউনিটের বোমা মিজান। এরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সদস্য।
কাশিমপুরা কারাগারের হাই সিকিউরিটি ইউনিটের ডেপুটি ফরহাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুদার জানান, কাশিমপুর কারাগার থেকে পুলিশের একটি প্রিজন ভ্যান আসামি নিয়ে ময়মনসিংহ কোর্টে যাচ্ছিল। পথে ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় বোমা হামলা চালিয়ে দণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে ছিনতাই করে নিয়ে যায় আসামী পক্ষের লোকজন।
এ ঘটনায় দুই পুলিশ গুলিবিদ্ধ হয় বলেও জানান ওসি।
গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যের একজন মারা গেছেন ও অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



















