টেকনাফে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে স্বামীর বাড়ি থেকে অজিফা আখতার (৩৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৪নং ওয়ার্ডের পূর্ব পানখালীর ঘোনার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অজিফা আখতার ওই এলাকার আব্দুল গফুরের স্ত্রী এবং ৪ ছেলে ও ১ মেয়ের জননী। রোববার বিকেলে তাঁর নিজ শয়নকক্ষে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ দেখতে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে অজিফার ভাই মো. রাসেল পুলিশকে বিষয়টি অবহিত করেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, দেনা-পাওনাজনিত কারণে মানসিক চাপে ভুগে অজিফা আখতার এই চরম পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

















