দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই- ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি:
দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। তাই ষড়যন্ত্রকারীদের উপেক্ষা করে মাঠ পর্যায়ে দলের সকল নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া ।
রবিবার দুপুরে খাগড়াছড়ির ভাঙ্গাব্রীজ কলাবাগান আর্দশ যুব সংঘ ক্লাবে সংগঠনকে তৃণমুল পর্যায়ে গতিশীল করতে মাটিরাঙ্গা পৌর ও উপজেলা যুবদলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, যত অপশক্তিই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিরুদ্ধে কাজ করুক না কেন নেতাকর্মীরা মাঠ পর্যায়ে জনগণের পাশে থেকে সকলের সুখে-দুঃখে কাজ করলে বিএনপি বিরোধী শক্তিরা দল ও দলের নেতাকর্মীদের কোন ক্ষতি করতে পারবেনা। তাই দলকে তৃণমূল পর্যায়ে গতিশীল করতে সকলকে উদ্যোগী হতে হবে এবং আগামী দিনে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করে যে কোন আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক এই চেয়ারম্যান।
মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এমএন আফসার, সহ-দপ্তর সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ফরহাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া প্রমূখ।
কর্মী সম্মেলনে যুবদলের নেতাকর্মীরা দলের কর্মকান্ডে পিছিয়ে থাকার বিষয়ে বিভিন্ন কারণ তুলে ধরে আগামী দিনে দলের নেতাকর্মীদের পারস্পারিক সম্পর্ক আরো গতিশীল করার আশা ব্যাক্ত করেন। সেই সাথে দলের নির্দেশনা চেয়ে সংগঠনকে তৃণমুল পর্যায়ে গতিশীল করতে মাটিরাঙ্গা পৌর ও উপজেলা যুবদলের কর্মী সম্মেলনে আসা নেতাকর্মীরা সকল আন্দোলন-কর্মসূচী বাস্তবায়নে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।


















