দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক চক্ষুরোগীকে উন্নত চিকিৎসা

fec-image

দীঘিনালায় শতাধিক চক্ষুরোগীকে উন্নত চিকিৎসা ও অপারেশন সেবা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১০ জুন) সকালে দীঘিনালা সেনা জোন সদরে চট্টগ্রামের ‘লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল’, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি অপারেশনযোগ্য রোগীদের চিহ্নিত করে পরবর্তী সময়ে চট্টগ্রামে নিয়ে গিয়ে বিনামূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দীঘিনালা সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের বাছাই করা হয়। চিকিৎসাবঞ্চিত ও অপারেশন প্রয়োজন এমন রোগীদের পর্যায়ক্রমে চট্টগ্রামে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এর আগে একই কার্যক্রমের আওতায় চিকিৎসা ও অস্ত্রোপচার শেষে গত ১৮ মে প্রথম ধাপে ৬৮ জন চক্ষুরোগীকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসা শেষে দীঘিনালায় ফিরিয়ে আনা হয়।

এ মানবিক উদ্যোগে উপকৃত রোগী ও তাদের স্বজনরা সংশ্লিষ্ট সংগঠন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি বলেন, “পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ফার্স্ট প্রেসিডেন্ট মো. সাজেদুল হক বলেন, “চক্ষুরোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। সেনাবাহিনীর সহযোগিতায় এ ধরনের উদ্যোগ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দীঘিনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন